ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বারবার মিথ্যা মামলায় ফাঁসানোর টেষ্টায় ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ হোসেন আলী গত রবিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাতুড় ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মোঃ হোসেন আলীর সাথে একই গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে মোঃ নুরুল ইসলামের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হোসেন আলীকে ফাঁসানোর চেষ্টা করে প্রতিপক্ষ নুরুল ইসলাম। মিথ্যা মামলায় হেরে গিয়ে হোসেন আলীর জমির ফসল নষ্ট করতে থাকে সে। শরিষার খেত, ধানের বীজতলা ও ধান খেতসহ কীটনাশক প্রয়োগ করে ৪ বার তার ফসল নষ্ট করেছেন বলে ভুক্তভোগীর দাবী। চলতি মৌসুমেও ধান পাকার আগ মুহূর্ত্বে রাতের আঁধারে কীটনাশক (ঘাস মারা বিষ) প্রয়োগ করে ৩৬ শতক জমির ধান পুড়িয়ে দেয় তারা।
ভুক্তভোগী হোসেন আলী দাবী করেন, প্রায় ২৬ বছর আগে হরেকৃষ্ণপুর মৌজায় ৩৬ শতক জমি কিনে ভোগদখলে চাষাবাদ করে আসছেন হোসেন আলী। ওই জমির মধ্য থেকে ১৬ শতক জমি পাবেন এমন দাবী করে নুরুল ইসলাম প্রায় বছর দুয়েক আগে থেকে বারবার কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করছে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার পরিবারের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করে আসছে নুরুল ইসলাম। সর্বশেষ গত ৪ নভেম্বর আরো একটি মামলায় হোসেন আলীসহ আরো ৭ জনকে আদালত নির্দোষী খালাস করে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে নুরুল ইসলাম। এদিন সন্ধ্যায় হরেকৃষ্ণপুর মোড়ে তাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ তার ছেলের লেখাপড়া নষ্ট করে দেবে এবং তাকে প্রাণনাশের হুমকী প্রদান করে।
জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে হোসেন আলী গত রবিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#


