ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জিয়াউর রহমানের খেতাবটা কিন্তু যুদ্ধের। দেশটা কিন্তু ভাষণে স্বাধীন হয়নি, যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিসের যুদ্ধ ছিল? গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। তা আমাদের এই গণতন্ত্র বক্তৃতায় আসবে না, যুদ্ধে আনতে হবে। সেই যুদ্ধটাই আমাদের শুরু করতে হবে। সেই যুদ্ধের ফলাফল হবে গণতন্ত্র পুনরুদ্ধার।’
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। জেড ফোর্সের অধিনায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে তারা এই আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসের সঙ্গে পথ চলতে হবে। অনেকে বলে শেখ হাসিনা একটার পর একটা আইটেম দেয় আমাদের ব্যস্ত রাখার জন্য। আমাদের কিন্তু এখন ব্যস্ত থাকার প্রয়োজন নেই, অনেক আইটেম নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই।’
তিনি বলেন, ‘ওই হীরক রাজার দেশের যে একটা স্লোগান ছিল- রশি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমাদের ওই জায়গায় থাকতে হবে।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমি শহীদ জিয়াউর রহমানের পক্ষে। আমার মতে, খুনিদের বিপক্ষে জিয়াউর রহমান বীরপুরুষদের একজন ছিলেন।’
‘তুমি কে? এই খেতাব কেড়ে নেয়ার প্রস্তাব দেয়ার তুমি কে? তুমি তো যুদ্ধ করো নাই। বুকের রক্ত ঢেলে দিতে যারা রণাঙ্গনে ছিল তারা সেই বীরউত্তম, বীরপ্রতীক, বীরবিক্রম। তুমি কে- এ কথা আপনাদের সবাইকে এখন থেকে বেশি বেশি করে বলতে হবে। আজ থেকে আমরা শপথ করি- আমরা জিজ্ঞাসা করবো, তুমি কে?’
তিনি বলেন, ‘এই সরকার রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের তাদের চক্ষুশূল মনে করে, এই সরকার রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে জানে না, এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, এই সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করে না।’
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, প্রকৌশলী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, গণফোরামের মোশতাক আহমেদ, মুক্তিযোদ্ধা দলের মকসুদ আলী মঙ্গোলিয়া, আবদুল খালেক, ফরিদ হোসেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের কালাম ফয়েজী, রায়হান আল মাহমুদ, মাজহারুল ইসলাম, সালেহা আখতার প্রমুখ বক্তব্য রাখেন।


