ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গিয়েছিল ৪ জন। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহী জেলার পাঁচজন ও বগুড়া জেলার একজন রোগী ছিলেন। চলতি মাসে এ নিয়ে মোট ১৬০ জনের মৃত্যু হলো। এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন ও জুনে ৪০৫ জন মারা গেছেন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১১ জন।
এদিকে সোমবার রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার মোট ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। রাজশাহীতে সংক্রমণের হার ৫ দশমিক ৬৮ শতাংশ।


