ধূমকেতু নিউজ ডেস্ক : অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর গতি না থাকায় স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তাই শিরোপাও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন আন্তর্জাতিক পুরুষ ভলিবলের ফাইনালে হেরে গেছে স্বাগতিকরা। প্রথমবার টুর্নামেন্টে খেলতে এসেই শিরোপা জিতে নিয়েছে শ্রীলংকা।
মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলংকা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। যদিও গ্রুপ পর্বে এই দলটির কাছে ৩-১ সেটে হেরেছিল বাংলাদেশ।
ফাইনালে শ্রীলংকার খেলোয়াড়রা বাংলাদেশের চেয়ে সব বিভাগেই এগিয়েছিল। স্ম্যাশ, ব্লকিং, ক্লিয়ার সব ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে শ্রীলংকানরা ভালো নৈপুণ্য দেখিয়েছেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহসচিব সৈয়দ শাহেদ রেজা, স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ফেডারেশনের সহ-সভাপতি মো. ইউনুস, সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও সদস্য আবদুল লতিফ সরকার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফাইনালে উঠায় উৎসবমুখর ছিল সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রায় তিন হাজার দর্শক লাল সবুজের পতাকা নিয়ে হাজির হন। কিন্তু সেই উৎসব ম্লান হয়ে যায় স্বাগতিকদের হারে। যদিও শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন সাঈদ আল জাবিররা। প্রথম সেটে এক সময় ৯-৯ পয়েন্টে সমান ছিল।
পরমূহুর্তে ১৩-১২ পয়েন্টে এগিয়েও যায় স্বাগতিকরা। প্রতিদ্বন্দ্বিতা গড়ে ২৫ পয়েন্টের সেট তারা নিয়ে যায় ২৮ পয়েন্ট অব্দি। কিন্তু শেষে ২৮-২৬ পয়েন্টে প্রথম সেট হেরে শুরু হয় বাংলাদেশের।
দ্বিতীয় সেটেই জাবির, হরষিতদের ভুলগুলো বাড়তে থাকে। আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। কখনো তাদের সার্ভ নেটে লেগে পয়েন্ট খোঁয়াতে থাকেন। আবার তাদের সার্ভ চলে যায় কোর্টের বাইরে। আবার পয়েন্ট হারিয়েছেন নেটে বল টাচ হওয়াতেও। তাই দ্বিতীয় সেটটি স্বাগতিকরা হারেন ২০-২৫ পয়েন্টে।
তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি বাংলাদেশ। হেরেছে ২০-২৫ পয়েন্টে। ২০১৫ সালে এই টুর্নামেন্টে তুর্কমেনিস্তান চ্যাম্পিয়ন ও কিরগিজস্তান রানার্সআপ, পরের বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন ও কিরগিজস্তান রানার্সআপ, ২০১৮ সালে তুর্কমেনিস্তান চ্যাম্পিয়ন ও বাংলাদেশ রানার্স আপ হয়। ২০১৯ সালে বঙ্গমাতার নামে নারীদের প্রথম টুর্নামেন্টে নেপাল চ্যাম্পিয়ন ও কিরগিজস্তান রানার্সআপ হয়েছিল।


