ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার একটি আদালত সরকারবিরোধী কনটেন্ট সরাতে অস্বীকৃতি জানানোয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে ৭০ লাখ রুবল (প্রায় ৮০ হাজার ডলার) জরিমানা করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, সন্ত্রাসী হামলা এবং রাশিয়ার সরকার উৎখাতের উদ্দেশ্যে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানো কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় টেলিগ্রামকে এই জরিমানা করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, প্ল্যাটফর্মটি বিপুল সংখ্যক তথ্য সম্পদের মালিক হওয়ার পরও চরমপন্থী কার্যকলাপের আহ্বান সম্পর্কিত বিভিন্ন চ্যানেল অপসারণে অব্যর্থ ছিল।
তাস আরও জানায়, রাশিয়ার সরকারকে উৎখাতের লক্ষ্যে বিক্ষোভ এবং ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা করতে দেশটির রেল পরিবহনে সন্ত্রাসী হামলার আহ্বান জানানো কিছু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে টেলিগ্রাম প্রতিক্রিয়া জানায়নি।
প্রসঙ্গত, রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের প্রতিষ্ঠিত টেলিগ্রাম বিশ্বব্যাপী প্রায় একশ কোটি ব্যবহারকারী নিয়ে কাজ করছে এবং বিশেষ করে রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
২০২৪ সালের আগস্টে টেলিগ্রাম ব্যবহার করে জালিয়াতি, অর্থ পাচার এবং শিশু যৌন নির্যাতনের ছবি শেয়ার করার অভিযোগে ফ্রান্সে গ্রেপ্তার হন পাভেল দুরভ। তদন্ত শেষে কিছুদিন আটক থাকার পর, ২০২৫ সালের মার্চে আদালতের অনুমতি নিয়ে তিনি দুবাইয়ে নিজের বাড়িতে ফিরে আসেন।


