ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শুকুর আলী (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর মোড়ে। নিহত শুকুর আলী নিয়ামতপুর উপজেলার পাইকরা বাজার গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় নিহতের জামাই মোটরসাইকেল চালক একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে সাদ্দাম হোসেন (৩৪) আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, এদিন কন্যাযাত্রী হয়ে উপজেলার দেওয়ানপুর গোপালডাঙ্গা গ্রামে লুৎফর রহমানের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে আসেন তারা। সেখান থেকে বাড়ি ফেরার সময় ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুকুর আলীর মৃত্যু হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কাশেমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রায় দুই কিলোমিটার দুরে সাতিয়ান তলা বাজারে ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


