ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে কোভিড-১৯ এর গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে জেলার ৬টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন ও ৭টি পৌরসভায় একযোগে এই টিকাদান কর্মসূচী শুরু হয়। তবে নলডাঙ্গা উপজেলা টিকাদানের অন্তর্ভুক্ত করা হয়নি। পঁচিশোর্ধ সকল বয়সের নারী ও পুরুষ এই টিকা গ্রহণের আওতাভুক্ত। তবে প্রতিবন্ধী এবং বয়স্ক নারী-পুরুষদের এই টিকা প্রদানের অগ্রাধিকার দেয়া হবে।
শনিবার সকাল ৯ টায় নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদূর গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, শনিবার (৭ আগস্ট) নলডাঙ্গা উপজেলা বাদে জেলার ৬ টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন ও ৭ টি পৌরসভায় এই ভ্যাক্সিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১ টি করে এবং ৭ টি পৌরসভার সবকয়টি ওয়ার্ডের ১টি করে কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথে ৩ জন করে টিকা প্রদানকারী ও তিন জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। শনিবারে মোট ৩১ হাজার ২শ’ জনকে এই টিকা প্রদান করা হবে।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ ছাড়াও সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) টিকাদান কেন্দ্র সমূহে কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেছেন।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্যে পর্যায়ক্রমে উপযোগী সকল ব্যক্তিকে টিকা গ্রহণের আওতায় আনা হচ্ছে।


