ধূমকেতু প্রতিবেদক, নাটোর : ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় দ্রæত কার্যকর ও কুশীলবদের দ্রুত বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটির আয়োজনে শহরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির জেলা কমিটির সভাপতি খন্দকার ইসতিয়াক আহমেদ ডলারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মালেক শেখ, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিয়ন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মৌমিতা ভট্টাচার্য্যসহ অন্যান্যরা।
এসময় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ২১ শে আগস্টের হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। যে কারণে ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল, ঠিক একই কারণে ২১শে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। বিদেশে পালিয়ে থাকা গ্রেনেড হামলার মামলায় যেসকল অপরাধী ও কুশীলদের দ্রুত ফিরিয়ে এনে আইনের আওতায় এনে মামলার রায় কার্যকর করার দাবি জানান বক্তারা।
পরে সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।


