ধূমকেতু নিউজ ডেস্ক : রাজ্য মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে ভারতের লাদাখে আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহ শহরে ব্যাপক বিক্ষোভে অন্তত চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
লাদাখের দাবিকে ঘিরে সরকারের সঙ্গে আলোচনার অগ্রগতি চললেও হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হলেও কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন।
মন্ত্রণালয় অভিযোগ করেছে, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জনগণকে উসকে দিয়েছেন এবং নেপালের ‘জেন-জি’ আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
সহিংসতায় বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় ও হিল কাউন্সিলের সদর দপ্তরে পাথর নিক্ষেপ করেন। পরে একটি নিরাপত্তা বাহিনীর গাড়ি ও আরও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় অন্তত ৩০ জন পুলিশ ও সিআরপিএফ সদস্য আহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে।
বিক্ষোভকারীদের প্রধান দাবি—লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি। এই দাবিতে লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স গত চার বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে এবং সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছে।
উল্লেখ্য, ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের উপজাতি জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রশাসনিক বিধান প্রদান করে। এর আওতায় স্বায়ত্তশাসিত পরিষদ, প্রেসিডেন্টের ক্ষমতা, স্থানীয় সংস্থার ভূমিকা ও আর্থিক ক্ষমতা নির্ধারিত হয়।


