ধূমকেতু নিউজ ডেস্ক : পেগাসাস কাণ্ডের জেরে ইসরাইলি সংস্থা এনএসও’র প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সে দেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিভিন্ন দেশে ওঠা অভিযোগের তদন্ত করতে মন্ত্রী পর্যায়ের দল তৈরি করেছে ইসরাইলের বেনেট সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, অভিযোগের তদন্ত করতে কয়েকটি সরকারি সংস্থার প্রতিনিধি এনএসও’র দপ্তরে গিয়েছেন। কোন কোন সংস্থার প্রতিনিধিরা গিয়েছেন তা স্পষ্ট করেনি বেনেট সরকার।
ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি, তেল আভিভের কাছে হারজলিয়ায় এনএসও’র কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ইসরাইলি গোয়েন্দারা। তবে গোয়েন্দারা কেবল এনএসও’র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। ওই সংস্থার সিস্টেম ও নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু হয়নি।
এদিকে তল্লাশির কথা স্বীকার করেছে এনএসও। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের দপ্তরে এসেছিলেন। এনএসও ইসরাইলি সরকারের সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। সংবাদমাধ্যমে সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা যে মিথ্যা, সে কথা এই তদন্তেই প্রমাণিত হবে বলে তাদের আশা।
উল্লেখ্য, এনএসও’র তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক, রাজনীতিবীদ, সমাজকর্মী এমনকি সেনা কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তাদের উপর অবৈধ নজরদারি চালানোর অভিযোগ উঠে বিশ্বের বেশ কয়েকটি দেশে।
পেগাসাস সংক্রান্ত ফাঁস হওয়া একটি তথ্যভাণ্ডার নিয়ে তদন্ত চালাচ্ছে বিশ্বের ১৬টি সংবাদমাধ্যম। তাদের রিপোর্টের ভিত্তিতেই বিতর্ক শুরু হয়। এনএসও’র পাল্টা দাবি করে, ওই তথ্যভাণ্ডারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে তারা নিজেরাই তদন্ত করে দেখবে।


