ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন এবং তারা কাবুল বিমানবন্দরে তালেবানের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন।
ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর কিছুদিনের বিশৃংখলা শেষে কাবুল বিমানবন্দরের কাজ শুরু হয়েছে।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু তালেবান সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এসব পুলিশ আবার কাজে ফিরলেন।
আফগান পুলিশের দু জন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি বলেও জানান তিনি।


