ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৬ রাজশাহী (পুঠিয়া-দূর্গাপুর-৫) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি ৭৯ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ২টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।
অপরদিকে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিএনপির ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪শ ৯৬ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (ফুটবল) পেয়েছেন ৬ হাজার ৪শ ৩২ ভোট।
আরেক স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত আলতাফ হোসেন মোল্লা (একতারা) প্রতীকে পেয়েছেন ৯শ ৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুহুল আমিন (হাতপাখা) প্রতীকে পেয়েছে ৬শ ২০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রায়হান কাউসার (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছে ৪শ ৪২ ভোট।
এ ছাড়াও এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৯৬ ভোট আর না ভোট পড়েছে ৭৮ হাজার ৫৯৫টি।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন ও নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৯৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন। আসনটির পোষ্টাল ভোটগননা কেন্দ্রসহ ১৩৩ টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আসনটিতে প্রদত্ত ভোটের ৬৮ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়ে। সব কটি কেন্দ্রের চূড়ান্ত ফল অনুযায়ী, অধ্যাপক নজরল ইসলাম মন্ডল (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট।


