ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি। সৎ ও সাহসী জাতি বাঙালির স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় ভূমিমন্ত্রী আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের বড় অলঙ্কার হলো সততা। আওয়ামী লীগের অত্যাচার-নিপীড়নে গৃহহীন হয়ে মাসের পর মাস কাটিয়েছেন অনেকে। বহু নেতাকর্মী জেলে ছিলেন। তাই অভ্যন্তরীন সরব ভেদাভেদ ভুলে জাতির প্রত্যাশা পূরণে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এমপি ও নজরুল ইসলাম মণ্ডল এমপি।



