ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও চিকিৎসাধীন রোগীকে দেখতে আসা মানুষকে টার্গেট করে প্রতারণা করে অর্থ আদায় চক্রের আটক ৪ সদস্যকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার তাদের পবা থানা পুলিশ রাজশাহীর আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর বা নামঞ্জুরের সিদ্ধান্ত দিবেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা বলেন, অপহরণ করে অর্থ আদায় চক্রের ৪ সদস্যকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। এ চক্রের সাথে আরো কেউ আছে কিনা তা সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, রোববার পবা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারণা করে অর্থ আদায় চক্রের নারীসহ ৪ সদস্য নগরীর শাহমখদুম থানার রোড নওদাপাড়া এলাকার মৃত আব্দুল সামাদ তালেবের ছেলে রফিকুল ইসলাম (৩০), বোয়ালিয়া থানার অলোকার মোড়ের আমিনুরের ছেলে আতিকুর রহমান বাপ্পী (২৮), নগরীর চন্দ্রিমা থানার নামোভদ্রা পদ্মা আবাসিক এলাকার হামিম আল ফজলে নুর ওরফে শুভ্র (২৮) ও পবা থানার চৌবাড়িয়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের স্ত্রী নার্গিস নাহার হেলেন (৫৫) কে আটক করে। তারা রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জাহানাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল হক (৪৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ তার চাচাকে দেখতে আসলে হেলেন তার সাথে প্রতারণা করে অপহরণ করে ও মুক্তিপণ নেয়। এ ঘটনার পর থানায় মামলা হলে পুলিশ নারীসহ ৪ জনকে আটক করে। অপহরণের কাজে ব্যবহার করা একটি টিভিএস মোটরসাইকেলও জব্দ আছে। আসামীদের নামে থানায় একাধিক মামলাও রয়েছে।


