ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়ায় পুরাতন পুকুর সংস্কারের চাঁদা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মাঝে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামে কামাল হোসেন বেশ কয়েকদিন আগে থেকে একটি ছোট পুরাতন পুকুর ভেকুর মাধ্যমে সংস্কারের কাজ শুরু করে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জিউপাড়া এলাকার বিএনপির কিছু লোকজন বাধা সৃষ্টি করে। এতে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে রক্তক্ষয় সংঘর্ষে লিপ্ত হয়। সেই সময় গুরুতর আহত হয়েছে টিপু সুলতান, ডিস আলম ও রহুল আমিন।
গুরুতর আহত টিপু সুলতান বলেন, আমার নিকটে ডিস আলম ও তার ছোট ভাই জাহাঙ্গীর পুকুর সংস্কারের কাজের জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি ইতোমধ্যে ৫০ হাজার টাকা দিয়েছি। আজ তারা আমার পুকুরের বাকি টাকা চায় আমি দিতে না চাইলে তারা কাজ বন্ধ করে দেয়।
ডিস আলম বলেন, কালামের ছেলে সাংবাদিক আতিক আওয়ামী লীগের আমলে আমার নিকটে জোরপূর্বক ৫ লাখ টাকা নিয়েছে। সে একজন চিহ্নিত বাইক চোর। তারা আজ আমকে ভুট্টার জমিতে নিয়ে গিয়ে চাইনিচ কুড়ার দিয়ে কুপিয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। দুইপক্ষ কেউ এখনো পর্যন্ত থানা অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


