ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে তুহিন (২৬) নামের আরও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত তুহিন রাজশাহীর হাতেমখাঁন এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
শনিবার দুপুর ২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের কাছে মারা যাওয়ার ঘটনার সত্যতা পাওয়া যায়।
জানা যায়, শুক্রবার রাতে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় অতিরিক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুই জন সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার রাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।
এছাড়াও রাজশাহীর হাতেমখাঁন হাবিবের ছেলে কলপ (২২) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


