ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : জাতীয় সংসদের অধিবেশনে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বাগমারা আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল বারী তাঁর নির্বাচনী এলাকার ফকিন্নী নদীসহ দেশের নদী-নালা বেহাত ও দূষণের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডাক্তার আব্দুল বারী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও আজ দেশের নদীগুলোর অবস্থা অত্যন্ত করুণ। নদীতে পানি নেই, প্রাণ নেই, সর্বত্র চর পড়ে গেছে। ডিসি, ইউএনও এবং ভূমি কমিশনার থাকা সত্ত্বেও কোন অদৃশ্য কারণে নদীর দুই ধার বেদখল হয়ে যাচ্ছে, তা আমাদের জানা নেই।
নিজ নির্বাচনী এলাকা বাগমারার উদাহরণ টেনে তিনি বলেন, আমার এলাকা বাগমারার ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ফকিন্নী নদীটিও আজ ভরাট হয়ে গেছে। এর দুই ধার বেদখল হয়ে পড়েছে এবং বর্তমানে এতে পানির কোনো প্রবাহ নেই।
নদী দূষণের তীব্রতা উল্লেখ করে এমপি আরও বলেন, বাগমারার একটি প্রথম শ্রেণীর পৌরসভা (ভবানীগঞ্জ পৌরসভা)। কিন্তু এখানে কোনো ডাম্পিং স্টেশন বা নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান না থাকায়, পৌরসভার সমস্ত বর্জ্য এনে এই ফকিন্নী নদীতে ফেলা হচ্ছে। এর ফলে নদীর যে সামান্য পানি অবশিষ্ট আছে, তাও মারাত্মকভাবে দূষিত হয়ে এলাকায় বিভিন্ন রোগবালাই ছড়াচ্ছে।
বক্তব্যের শেষ অংশে তিনি সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের মতো প্রায় ৩৬ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যা সম্পন্ন হতে আট বছর সময় লাগবে। মাননীয় মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ে দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস দিয়েছেন, আমরা তা স্বাগত জানাই।
তবে মাঠ পর্যায়ে নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে এবং মন্ত্রণালয়ের কার্যকর সংস্কারের পক্ষে প্রতীকী প্রতিবাদ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ৪০০ টাকা হ্রাসের ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।



