ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার মহিষ ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। শনি, রবি ও সোমবার এ অভিযান চালায় বিজিবির সদস্যরা। রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। জানানো হয়, গত ৬ ও ৭ মার্চ দিবাগত রাতে রাজশাহী সীমান্তের বিভিন্ন জায়গায় বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে কাটাখালী থানার ১০নং পদ্মারচর এলাকা থেকে ৫২টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়।
এছাড়াও পৃথক আরো ৫টি বিশেষ অভিযানে মীরগঞ্জ বিওপি ২৩০ বোতল ফেনসিডিল, তালাইমারী বিওপি কর্তৃক এক জনকে ৫০ বোতল ফেনসিডিল, ইউসুফপুর বিওপি কর্তৃক একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৩৪৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা এবং শাহাপুর বিওপি ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত ৫২টি মহিষ, মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য এক কোটি চৌত্রিশ লাখ আটষট্টি হাজার আটশত ত্রিশ টাকা। আটককৃত ৫২টি মহিষ রাজশাহী শুল্ক কার্যালয়ের তত্ত¡াবধানে নিলাম করা হবে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী কোম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন চর খিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮৭ বোতল ফেনসিডিল এবং ৬টি প্লাষ্টিক বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের মূল্য তিন লক্ষ চুরানব্বই হাজার আটশত ষাট টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করা যায়নি।


