ধূমকেতু প্রতিবেদক : ‘মুজিব বর্ষের শপথ, আবাসন হবে নিরাপদ’ শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী চতুর্থ আবাসন মেলা। রিয়েল এস্টেট এন্ড ডেভেলাপার্স এসোশিয়েশনের উদ্যোগে রাজশাহী সিটি করপোরেশনের গ্রীণ প্লাজায় আজ সকাল সাড়ে ১০টায় এ মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে আবাসন মেলার উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, রাজশাহী উন্নয় কর্তৃপক্ষ আরডিএ’র চেয়ারম্যান আনওয়ার হোসেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুর আলম, চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি। উদ্বোধনী
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোশিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাবলু। এবার আবাসন মেলায় থাকছে ৫৫টি স্টল। আবাসনের স্টল ছাড়াও মেলায় থাকছে রড, সিমেন্ট, টাইলস, লিফটসহ বিভিন্ন ধরনের আরো ১৪টি স্টল। এবারো মেলায় রাখা হয়েছে প্রতিদিন র্যাফেল ড্রা। গত বছর মেলায় ৩৬টি স্টল থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫টিতে। গত মেলায় প্রায় কোটি টাকার ফ্লাট বুকিং হয়েছিল। এবার আরো বেশি হবে এমনটাও আশা করা হচ্ছে। এছাড়াও মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন রেডা কর্তৃপক্ষ।
রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি ধূমকেতু নিউজকে জানান, এবার বিগত দিনের চেয়ে জমকালো আয়োজনে আবাসন মেলা করা হচ্ছে। বিগত বছরে স্বল্প পরিসরে এ মেলার আয়োজন করা হলেও এবার পরিধি বেড়েছে। এবার গত বছরের চেয়ে স্টল সংখ্যাও বেড়েছে।
তিনি জানান, করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহীর আবাসন খাত। কিন্তু সরকার অন্যান্য খাতে প্রণোদনা দিলেও রাজশাহীর আবাসন খাতে কোনো ধরনের প্রণোদনা দেয়নি। এতে চরম দুর্দশার মধ্যে কাজ করছে রাজশাহীর ডেভেলপাররা।
তিনি আরো বলেন, সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দাম বাড়ার কারণে সামনের দিনগুলোতে ফ্লাটের দাম ২৫ থেকে ৩০শতাংশ বৃদ্ধি পাবে। এছাড়াও সরকারের কাছে দাবি রাজশাহীর জন্য যেনো নির্মাণ সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখা হয়। কারণ রাজধানী ঢাকায় একটি ফ্লাট যে দামে বিক্রি হয়, রাজশাহীতে ওই ধরনের ফ্লাট বিক্রি হয় অর্ধেক দামে।
তিনি ধূমকেতু নিউজকে বলেন, আবাসন মেলার মুল লক্ষ্য হলো ক্রেতাদের সচেতন করা। কারণ নগরীতে যত্রতত্রভাবে অনেকেই আবাসন ব্যবসার সাথে জড়িয়ে গেছে। তারা নিম্নমানের ফ্ল্যাট নির্মাণ করে বিক্রি করছেন। কিন্তু একমাত্র রেডার সদস্যরাই নির্ভরযোগ্য ফ্ল্যাট নির্মাণ করে বিক্রি করছেন। যে বিষয়টি মেলার মাধ্যমে ক্রেতাদের জানানো হবে। ভবনের তথ্য জানোনোর জন্যই আরডিএ ও রেডার পক্ষে একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে। এই তথ্য কেন্দ্র থেকে শুধু ক্রেতারাই নয়, সব ধরনের মানুষ ভবন সম্পর্কে সব ধরনের তথ্য পাবে।


