ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকছে। মাঝে মধ্যে বৃষ্টি আর আকাশ মেঘলা থাকলেও কমছেনা গরমের তীব্রতা। কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। ঘরে বাহিরে সবখানে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। দিনের বেলায় কাঠফাঁটা রোদ থেকে বাঁচতে অনেক গাছের ছায়ায় আশ্রয় নিলেও লু হাওয়ায় সেখানেও মিলছে না স্বস্তি।
শ্রমজীবী আর পরিবহনের যাত্রীদের অবস্থাও সঙ্গীন। ঘামে ভেজা মানুষ খানিকটা স্বস্তির খোঁজ করলেও মিলছে না সেই স্বস্তি। নগরীতে চলাচলকারী যাত্রীদেরও ভোগান্তির যেন শেষ নেই। যাত্রী নিয়ে ছুটে চলা প্রতিটি গাড়ির ভেতরে উনুনের মত উত্তাপ। ঘেমে একাকার যাত্রীরা।
আজ শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে অতিষ্ট ছিল নগরবাসী। আজও একই অবস্থা থাকতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবারে সারাদিনের আবহাওয়াই ছিল হাপিয়ে ওঠার মতো। ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশ ভুগিয়েছে বাইরে বের হওয়া মানুষদের। আজও একই অবস্থা। সকাল থেকে তীব্র গরম অনুভূত হচ্ছে।
এদিকে অফিসগামী মানুষ গরম উপেক্ষা করে সকালে অফিসে পৌঁছালেও ভাল নেই, দিনমজুর শ্রেণির মানুষ। রিকশা চালক, পরিবহন শ্রমিক, রংমিস্ত্রী, ঢালাই শ্রমিক থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ী এমনকি ভিক্ষুকরাও নাকাল হয়ে পড়েছেন তীব্র গরমে। পথের পাশে একটু ছায়া পেলেই সেখানে বিশ্রাম নিচ্ছেন মানুষ।
উত্তাপের কারণে ঘরের ভেতরেও থাকা কষ্টকর হয়ে গেছে। ফ্যান থাকলেও গরম বাতাসে গা ভিজে যাচ্ছে। দিনের বেলায় বাইরে থাকা আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
গরমের কারণে বেশি সময় যাত্রী পরিবহন করতে পারছেন না রিকশাচালকরা। দীর্ঘ সময় বিশ্রাম নিয়ে যাত্রী পরিবহন করতে চাইলেও ভাড়া হাঁকছেন বেশি। রিকশা চালকদের ভাষ্য, গরমের কারণে তাদের মাত্রাতিরিক্ত পরিশ্রম হচ্ছে।
আজও এমন অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে, গতকাল তাপমাত্রা যেমন ছিল, আজও তেমনই থাকতে পারে। গতকাল তাপমাত্রা তুলনামূলক কম ছিল, এমন জেলাগুলোতে আজ তাপমাত্রা আরও বাড়তে পারে এমন পূর্বাভাসও রয়েছে আবহাওয়া অফিস থেকে।
তাপমাত্রা কমতে পারে ২৪ থেকে ২৫ তারিখের পর। বঙ্গপোসাগরে সৃষ্ট একটু লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২৬ তারিখের দিকে দেশের উপকূলে আছড়ে পড়তে পারে। তার আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


