ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পারিবারিক কলহের জেরে বাড়ি ছাড়া হয়ে যাওয়া এক স্কুলছাত্রীকে পরিবারের হাতে তুলে দিয়েছে রাজশাহী জেলা মহিলা পরিষদ। বৃহস্পতিবার রাজশাহী জেলা শাখার অফিসে পুলিশের সহায়তায় নবম শ্রেণীর এই ঘরছাড়া মেয়েকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর তারিখে আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ হোসনে আরা তার পরিবারসহ মিয়াপাড়া থেকে দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে সাগরপাড়া মোড়ে দেখতে পায় একটি মেয়েকে কয়েকজন ঘিরে প্রশ্ন করছে সে কোথায় থেকে এসেছে? মেয়ে কোন উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে আছে।
এসময় সকলকে সরতে বলে হোসনে আরা মেয়েটিকে জিজ্ঞাসা করল এত রাতে তুমি কোথায় থেকে এসেছো? মেয়েটি উত্তর দিলো যে তাকে তার মা বাড়ি থেকে বের করে দিয়েছে লোকজন মেয়েটির কথা শুনে বলল, হোসনে আরা আপা আপনি রাতটি আপনার কাছে রাখেন সেখানে মেয়ে নিরাপদে থাকবে। এ অবস্থায়, হোসনে আরা মেয়েটিকে রাতে নিজের বাসায় রেখে সকালে মহিলা পরিষদ অফিসে নিয়ে আসে এবং সভাপতি কল্পনা রায় কে ঘটনাটি খুলে বলেন।
কল্পনা রায় মেয়েটির কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে তার অভিভাবক মায়ের সাথে কথা বলেন, মা-মেয়েকে বাড়িতে নিতে অস্বীকার করে। পরে সভাপতি কল্পনা রায় বোয়ালিয়া থানার অফিসার নিবারণ চন্দ্র বর্মন এর সাথে কথা বলে বিষয়টি জানালে সাথে সাথে এক কর্মকর্তা ইফতেয়ার (এসআই) এসে জিজ্ঞাসাবাদ করেন এবং মায়ের সাথে কথা বলেন (মোবাইলে) পুলিশকেও বলেন আমি এ মেয়েকে বাড়িতে তুলবোনা আমার মেয়ে কাল রাতে মরে গেছে।
পরে পুলিশের সাথে মহিলা পরিষদে এসে সালিশি সভার মাধ্যমে অনেকক্ষণ কথা বলার পর মহিলা পরিষদের নেতৃবৃন্দ মায়ের হাতে মেয়েকে তুলে দেন এবং মহিলা পরিষদ বিষয়টি ফলোআপে রাখবেন বলে জানান।


