ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীসহ ২ সহদরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামের বলাই সরকারের ছেলে শ্রী বিশ্বজিৎ সরকার (২৮) ও শ্রী বিপ্লব সরকার (২৫)।
রাজশাহী জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর আতিকুর রহমানসহ সঙ্গীয় টিম দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীর উপকরণসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ভেজাল প্রসাধনী সামগ্রী ও তৈরির মেশিন, হিট মেশিন, ক্লীপ ও টাইট মেশিন, বিভিন্ন প্রসাধনী কেমিক্যাল দ্বারা তৈরী ক্রীম, স্টীলের ঢাকনা বিশিষ্ট হাতল যুক্ত ড্রাম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কোটা খালি কাগজের প্যাকেট ও ক্রীম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালের আনুমানিক মূল্য ৮,৩৬,২০০/- (আট লাখ ছত্রিশ হাজার দুইশত) টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।


