ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করে মহানগর ডিবি পুলিশ। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার টুলটুলি পাড়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকশা নরেন বাজার এলাকার মৃত চাঁদ সিংহের ছেলে শ্রী তাপস সিংহ (২০)।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া মোড়ে দুইজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৮.৪০ টায় ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, ডিবির অপর একটি টিম এসআই আশরাফুল ইসলামও সঙ্গীয় ফোর্স গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার বাকীর মোড়ে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় দুইজন ব্যক্তিকে আটক করে।
আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৮) ও নাইমুল ইসলামের ছেলে রিংকু (৩৫)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


