ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ২৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত হলো, রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আলম সিপাইয়ের ছেলে আমির হোসেন (৩৫)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু চোরাকারবারী চরমাঝারদিয়াড় এলাকা থেকে রাজপাড়া থানার শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে পদ্মা নদীর চর দিয়ে নদী পথে ভারতীয় তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের মাধ্যমে রাজশাহী শহরে সরবরাহ করার জন্য নিয়ে আসবে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের ওই টিম ঘটনাস্থলে অবস্থান নিলে রাত্রী সাড়ে ১০টার দিকে চোরাকারবারীরা পদ্মা নদীর চরের দিক থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় শহর রক্ষা বাঁধের উপরে আসামী আমির হোসেনকে গ্রেপ্তার করে। এসময় কিছু চোরাকারবারী ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ১৫০ বোতল ও পলাতক আসামীর ফেলে যাওয়া বস্তা হতে ১২০ বোতল, মোট ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


