ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : উদ্দেশ্যহীন অসুস্থ্য এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) সড়কের পাশ থেকে উদ্ধার করেছেন পথচারিরা। পরে থানা পুলিশের সহয়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চলছে তার চিকিৎসা। তবে সে তার নাম পরিচয় কিছুই মনে করতে পারছে না। পুলিশের পাশাপাশি এলাকার কয়েকজন সচেতন মানুষ তার নাম পরিচয় জানতে সামাজিক মাধ্যমে প্রচারণা করছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা সদর এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের সহকারি চিকিৎসক রফিকুল ইসলাম বলেন,এলাকায় কিছু লোকজন ওই কিশোরীকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে এনেছেন। কিশোরীটি মানুষিক প্রতিবন্ধি। সে নাম ঠিকানা কিছু বলতে পারছে না। শারীরিক ভাবে সে খুবই অসুস্থ্য। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
সোহেল রানা নামের একজন প্রত্যক্ষদশী বলেন, কিশোরীকে দেখে স্থানীয় বলে মনে হচ্ছে না। এখন তার নাম পরিচয় জানতে পুলিশের পাশাপাশি আমরা কয়েকজন মিলে সামাজিক মাধ্যমে তার ছবি দিয়ে প্রচারনা করছি।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া বলেন, নাম পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী এই বোনকে আপাতত পুঠিয়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কিছুটা অসুস্থ। সুস্থ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


