ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সড়কের ধারে রোপনকৃত গাছ কেটে বিক্রি করেছেন স্থানীয় একজন প্রভাবশালী ব্যাক্তি। এঘটনায় ভূমি কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুঠিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সোহেল রানা বলেন, উপজেলা সদরের গোপালহাটী-কৃষ্ণপুর সড়কে সরকারি ভাবে রোপনকৃত মেহগনি গাছ রয়েছে। সম্প্রতি সে গাছ গুলোর মধ্যে মূল্যবান ৩২টি গাছ কেটে বিক্রি করেছেন কৃষ্ণপুর গ্রামের মারুফ হাসান বাবলু নামের এক ব্যাক্তি। যার মূল্যে প্রায় ৫ লাখ টাকার অধিক। বিষয়টি তদন্তে নিশ্চিত হয়ে গতকাল সোমবার তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে সোমবার পুঠিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে বাবলু নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্তকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।


