ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : মোমিন হোসেনের বয়স এখন ১৮ বছর। বাবা থাকেন দ্বিতীয় স্ত্রী সন্তানের সাথে। আর এই সংসারে চার ভাই বোনের মধ্যে মোমিন সবার বড়। এখন তার কাধে পুরো সংসারের বোঝা। কাজের শুরু থেকে তিনি রাজমিস্ত্রির যোগানদার হিসাবে ছিলেন। মাত্র দুই বছরেই পুরো কাজ আয়ত্ত করেছেন তিনি। এখন বছর থেকে মিস্ত্রির দ্বায়িত্ব পালন করছেন। তার একমাত্র আয়ে তাদের সংসার ভালোই চলছিল। ছোট তিন ভাই-বোনের পাশাপাশি কাজের অবসর সময়ে মোমিনও পড়াশুনা করে। এবছর তিনি কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষার্থী।
তবে বিধি বাম। গত ১০ মাস আগে কাজে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনার শিকার হোন মোমিন। এতে তার ডান পায়ের পুরো হাড় ভেঙ্গে যায়। সংসারে যা গোচ্ছিত ছিল তা শুরুতেই চিকিৎসায় শেষ হয়ে গেছে। বর্তমানে অর্থ সংকটে সুচিকিৎসা করাতে পারছেন না তার মা। ছেলের চিকিৎসার খরচ যোগাতে ঘুরছেন মানুষের দারে।
মোমিন হোসেনের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামে। তার বাবার নাম আব্দুল কুদ্দুস আলী। আর মায়ের নাম মর্জিনা বেগম।
আহত মোমিন বলেন, সংসারের আমিই একমাত্র উপার্জনকারী। সড়ক দুর্ঘটনায় প্রায় ১০ মাস থেকে ঘরে পড়ে আছি। এখন অর্থাভাবে পুরো পরিবারের খুব কস্টে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। ডান পায়ের হাড়ের দুটি স্থানে কেটে ফেলে দেয়া হয়েছে। চিকিৎসক বলেছেন হাড় যদি বৃদ্ধি পায়, তবে পা টিকে যাবে। নয়তো কেটে ফেলতে হতে পারে। এমত অবস্থায় পায়ে এখন এলিজারোব রিং পরানো আছে। কিন্তু এখন যে অবস্থা তাতে সুচিকিৎসা করানোরমত টাকা আমাদের নেই। তিনি বলেন, কাজ করার পর অবসর সময়ে আমিও লেখাপড়া করি। এবছর আমি কারিগরি শাখা থেকে এসএসসি পরিক্ষাথী। সামনে পরীক্ষা শুরু হবে। জানিনা অংশ গ্রহণ করতে পারবো কিনা।
মা মর্জিনা বেগম বলেন, আমার স্বামির দুটি সংসার। তিনি বেশীর ভাগ সময় ওই সংসারে থাকেন। আমাদের কোনো খরচাপাতি দেন না। আর বাড়ির ভিটা ছাড়া কোনো জমিজমাও আমাদের নেই। যার কারণে আমার বড় ছেলে মোমিন খুব ছোট থেকে পুরো সংসারের দেখভাল করছেন। মোমিন সড়ক দুর্ঘটনায় ১০ মাস থেকে ঘরে পড়ে আছে। এখন নিয়ে খুব কস্টে আমাদের দিন যাচ্ছে। ছেলের চিকিৎসার জন্য কত মানুষের কাছে হাত পেতেছি তার কোনো হিসেব নেই। কেউ আমার ছেলের চিকিৎসার খরচ বহন করতে এগিয়ে আসছেন না।
পিতা আব্দুল কুদ্দুস আলী বলেন, আগেরমত কাজ কাম করতে পারি না। যখন যা জোগাড় করতে পারি তখন তাদের সেটাই দেয়।
প্রতিবেশী রাহেন হোসেন বলেন, মোমিনের পরিবারটি বর্তমানে খুব অসহায় হয়ে পড়েছে। তারা কাজ করে খেয়েছে কিন্তু কখনোই মানুষের কাছে হাত পাতেননি। এখন মোমিনের চিকিৎসা খরচ জোগান দেয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয়। আমরা প্রতিবেশী হিসাবে যখন যা পারছি দিচ্ছি।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্ছু বলেন, অর্থ সংকটের কারণে একটি ছেলের সুচিকিৎসা করাতে পারছেন না মা, এটা খুবই দুঃখজনক বিষয়। বিষয়টি আমার জানা ছিলনা। তবে ওই পরিবার আমাদের সাথে যোগাযোগ করলে অব্যশই সার্বিক সহযোগিতা করা হবে।


