ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২১৬ বোতল অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর দোসর মন্ডলের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ফিরোজাবাদ গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে নূর মোহাম্মদ (৫২) ও রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সবুজ (৩৮)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বোয়ালিয়া মডেল থানার একটি টিম নগরীর দোসর মন্ডলের মোড়ে দৈনিক উপাচার পত্রিকা অফিসের পাশে থেকে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৪৩৯৪) আটক করে তল্লাশী করে। এ সময় মাইক্রোবাসের ভিতর হতে ২১৬ বোতল অ্যালকোহল উদ্ধার করে এবং মাদক বহনের অভিযোগে আসামী নূর মোহাম্মদ ও সবুজকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিশ্রিত মদ বানানোর জন্য অ্যালকোহলগুলো সংগ্রহ করেছিলো। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।


