ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৪১.৬ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার মৃত এমানি শেখ এর ছেলে রুবেল শেখ (৫৫)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৩ অক্টোবর সন্ধ্যা ৬.২০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার হক সাহেব তার বাড়িতে চোলাইমদ বিক্রি করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬.২৫ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী রুবেল শেখকে আটক করে। অপর আসামী রুবেলের ছেলে হক সাহেব পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামী রুবেলের দেখানো মতে হক সাহেবের বাড়ীর মাটির নিচে অভিনব কায়দায় রাখা অবস্থায় মোট ৪১.৬ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার হয়। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


