ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজ এর দশম শ্রেণির ছাত্রী (বর্ষা) কে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৬৫০ টাকার জেরে ঘটনার সূত্রপাত হয় বলে জানা যায়। রাজশাহীর হাদির মোড়ে তার পরিবারের সাথে বসবাস করে বর্ষা (১৫)। তার বাবা মুকুল আলী (৪০) ও মা জরিনা বেগম (৩২)।
জানা যায়, বর্ষার বাবা মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজের ৬৫০ টাকা পায় অভিযুক্ত একই জায়গায় বসবাস করা মইদুল (৪০) এর পরিবার। সেই টাকা না পাওয়ায় মইদুলের স্ত্রী নাজমা, মেয়ে মনিকা (১৫) ও মইদুল বর্ষার পরিবারের সাথে গালাগালি, রেষারেষি শুরু করে। মনিকা ও বর্ষা একই স্কুলের শিক্ষার্থী হওয়ায় কথা কাটাকাটি হয় ২৭ সেপ্টেম্বর স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ কুমার সাহা উভয় পরিবারের অভিভাবকের উপস্থিতিতে মীমাংসা করে। তারপরও ২৯ সেপ্টেম্বর অতর্কিতভাবে হাদির মোড়ে বাঁধের নিচে ডাবলুর দোকানের সামনে মনিকার বাবা-মা বর্ষাকে একা পেয়ে পুনরায় হামলা শুরু করে।
মানববন্ধনে বক্তারা জানান, ঐ হামলায় বর্ষার ওড়না খুলে নেয় মইদুল, নাজমা মারধর করে এবং মনিকা হাতুড়ি দিয়ে আঘাত করে।
বোয়ালিয়া মডেল থানায় বর্ষার পরিবার পহেলা অক্টোবর মামলা করলেও সুব্যবস্থা না পাওয়ায় এই মানববন্ধন করেছে।


