ধূমকেতু প্রতিবেদক : জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক তান্ডবের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর গণকপাড়া মোড়ে এই কর্মসূচি পালিত হয়। ‘জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক তান্ডব রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা ও রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শরিফুল ইসলাম বাবু।
সমাবেশে বক্তব্য রাখেন, ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা ও রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, কামরান হাফিজ ইয়ামিন, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল আল মাসুদ শিবলী, ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশ, ফজলে রাব্বী বাদশা, নাসির উদ্দিন রুবেল, সাগরসহ আরও অনেকে।
সভাটি সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ। স্বাধীনতার জন্য এই দেশে প্রায় ৩০ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছেন। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দাঙ্গা বাঁধানোর অপচেষ্টাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সরকারকে এই বিষয়ে আরও কঠোর হওয়ার জন্য দাবি জানানো হয় সমাবেশ থেকে।


