ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ২ জন রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬১ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬৩। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৪ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। এর আগে গতকাল শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
এর মধ্যে কারো নমুনায় করোনা ধরা পড়েনি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৪ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২ জনের।


