ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জামায়াত-শিবিরের সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করার অপরাধে জামায়াত-শিবিরের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার হয়।
শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় আরএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে রাজশাহীতে জামায়াত-শিবিরের সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক গোপন বৈঠকে ১২ জন জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী আটক সংক্রান্তে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আটক সংক্রান্ত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, মনিরুল ইসলাম (৫০), কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), আব্দুল মমিন (২৫), ফয়সাল আহমেদ (২০), আজাহার আলী (৩৫), আবু বক্কর (৪২), আব্দুর রব (৩০), উজ্জল হোসেন (৩৪), আব্দুল হালিম(৩৫), ওবেদ (৫০) ও আবুল হোসেন (৬১)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭.০৫ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ, পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিমের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়ীতে জামায়াত শিবিরের কয়েকজন সদস্য দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করছে।

পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে আরএমপি’র বিশেষ ঐ টিম সন্ধ্যা ৭.৩০ টায় অভিযান পরিচালনা করে দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করাকালে জামায়াত-শিবিরের ১২ জন সক্রিয় কর্মীদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


