ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির ২৫ নম্বর ওয়ার্ডের কর্মীকে তার নিজ বাসায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্বরা। শনিবার রাত ৯টার দিকে নগরীর হাদির মোড়ের সিটি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পিয়ারুল ইসলাম পিরু (৩৫)। সে রাণীনগর এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
পিরুর পরিবারের বরাত দিয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন বলেন, সন্ধ্যায় তার এলাকার কিছু যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এরপর পিরু বাড়িতে চলে আসে। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে পিরুর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে পিরুর মৃত্যু হয়।
ওসি বলেন, এঘটনার পর শিমুল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পিরুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে।
এই ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।
ওসি বলেন, খুনের প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে। জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।


