ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ আবুল কালাম আজাদ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (৬ নভেম্বর) রাত ১১ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাঙ্গনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আজাদ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাজিহাটা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার ৬ নভেম্বর রাত ১১ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাঙ্গনপুর গ্রামস্থ সাবদুল ইসলামের ছেলে জনৈক হাসিবুল ইসলাম (৪০) এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে ইটের রাস্তার অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ আসামী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের অনুমানিক মূল্য- ১,০০,০০,০০০/- (এক কোটি টাকা)। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল, ২টি সীমকার্ড ও ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


