ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত হলো, সারজিল ইসলাম (২৭)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই আমিনুর রহমান ও তার টিম গত ৭ নভেম্বর ২০২১ বিকেলে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে গভঃ ল্যাবরেটরী স্কুল সামনে একজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী সারজিল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


