ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। মৃত এসআইয়ের নাম নূর ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনকিছুর সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নূর ইসলাম গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত এসআই নূর ইসলামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। তবে কয়েকদিন ধরে তিনি ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


