ধূমকেতু প্রতিবেদক : বাঘায় বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (১০ আগস্ট) দুপুরে র্যাব-৫ এর এক দল রাজশাহীর বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি পিস্তলের ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আমজাদ আলী (৩১) রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর শিবপুর এলাকার মৃত মকবুলের ছেলে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে বাঘার দেবত্তর বিনোদপুর গ্রামে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন। খবর পাওয়া মাত্র র্যাবের ওই দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমজাদ আলীকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানায় র্যাব।


