ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় অদৃশ্য ক্ষমতার প্রভাব খাটিয়ে অবাধে একের পর এক পুকুর খননের হিড়িক পড়েছে। দেখার যেন কেউ নেই। উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অবৈধ পুকুর খননের কাজ বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়,মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের মেলান্দি গ্রামে প্রকাশ্যে দিবালোকে কৃষি সহ ভিটামাটি ও তাজা তাজা গাছ কেটে পুকুর খনন কাজ চলতে। স্থানীয়দের দাবি, সবকিছু দেখেও যেন দেখছেন না প্রশাসন।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রূপকুমার ও হারুন নামের দুইজন প্রশাসনকে ম্যানেজ করে এসব পুকুর খনন করছেন। দেখা গেছে, এ দুই ব্যক্তি পুরাতন পুকুর খননের নামে আশপাশের কৃষি জমি, ডাঙা ও তাজা গাছ কেটে পুকুরের আয়তন বড় করছেন। এতে করে ফসলি জমি ক্ষতিগ্রস্ত সহ পরিবেশের ভারসাম্য চরম হুমকির মুখে পড়ছে।
এমনকি সেই জমির মাটি ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পরিবহন করে বিক্রি করা হচ্ছে। এতে করে গ্রামীণ সড়ক গুলো নষ্ট হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের পর দিন এই খনন কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা ভয়ে কিছু বলতে পারি না। যারা এসব কাজ করছে, তাদের পেছনে শক্তিশালী প্রভাব রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাদের মতে, এভাবে অবাধে পুকুর খনন চলতে থাকলে কৃষিজমি হারিয়ে যাওয়ার পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ও দেখা দিতে পারে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবৈধ পুকুর খনন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোনে একাধিক বার ফোন দিয়েও ফোনে পাওয়া যায়নি।


