ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর পৌর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করতে আসেন চারঘাট উপজেলার ইমাম শাজিরুল ইসলাম সাগর।
এবারের জামাতে মোট ২১ জন মুসল্লি অংশ নেন, যার মধ্যে ২০ জন পুরুষ এবং ১ জন নারী মুসল্লি ছিলেন।
নামাজ শেষে মুসল্লিরা জানান, চাঁদ কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য উদিত হয়। ভৌগোলিক দূরত্বের কারণে সব জায়গা থেকে চাঁদ দেখা না গেলেও বিশ্বজুড়ে একই দিনে হিজরি মাস গণনা করা উচিত—এমন বিশ্বাস থেকেই তারা এই নিয়ম অনুসরণ করছেন।
জামাতে অংশ নেওয়া এক মুসল্লি বলেন, “আগে আমি দেশের প্রচলিত নিয়মেই ঈদ পালন করতাম। তবে এবার এই জামাতে শরিক হয়ে আমার অভিজ্ঞতা বেশ ভালো। ধর্মীয় বিধিবিধান ও চাঁদের উদয়কাল সম্পর্কে জানার পর থেকেই আমি এই সিদ্ধান্তে এসেছি।”
সংশ্লিষ্টরা জানান, তারা গত ১০ বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছেন। শুরুর দিকে মুসল্লি সংখ্যা কম থাকায় নিজ বাড়িতেই নামাজের আয়োজন করা হতো। বর্তমানে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মসজিদে জামাতের আয়োজন করা হচ্ছে। তাদের মতে, সৌদি আরবকে ভৌগোলিক কেন্দ্রবিন্দু ধরে এবং বিশ্বব্যাপী চাঁদ ওঠার খবর নিশ্চিত হয়েই তারা এই উৎসবে মেতে ওঠেন।




