ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালের দিকে উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাসে এসব রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ করা হয়।
এতে করে অনেকে রুগ্ন ছাগলের বাচ্চা পেয়ে পুনরায় বদল করে নেয়। আবার অনেককে রুগ্ন ছাগলের বাচ্চা নিতে বাধ্য করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে ছাগল প্রতি বরাদ্দ কত কি পরিমান অর্থ ব্যয় হয়েছে এসব বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোন কিছু জানানো হবে না, আপনাদের যত নিউজ করা দরকার করেন, আমার কিছু হবেনা, আমি বাহিরে যাব, আপনারা তো ভিডিও ম্যান যতখুশি ভিডিও ছাড়েন কোন লাভ হবেনা। এভাবেই দাম্ভিকতা দেখিয়ে সরকারি গাড়ি নিয়ে শহরের দিকে রওনা হন তিনি। অথচ জালানি সংকটের কারনে অনেকের গাড়ি বন্ধ করলেও প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়ি বন্ধ হয়নি। তিনি শহর থেকেই গাড়ি নিয়ে যাতায়াত করে আসছেন।
সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী এউপজেলায় কর্মরত আছেন। প্রায় কর্মকর্তার বদলি হলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন। যার কারনে অফিস পাড়ায় প্রশ্ন উঠেছে তার খুঁটির জোর কোথায়। তার বিরুদ্ধে এত অনিয়মের খবর প্রকাশ হলেও কোন কিছুর তোয়াক্কা করেননা তিনি। এসব গরু ছাগল বিতরণে তালিকা প্রনয়নে তার নেতৃত্বে অফিসে গড়ে উঠেছে সিন্ডিকেট চক্র। তারই অনৈতিক সুবিধা নিয়ে অর্থের বিনিময়ে তালিকা করে থাকেন বলে অহরহ অভিযোগ আছে।
গত ৮ এপ্রিল বুধবার ছাগলের বাচ্চা অপারেশন করান কর্মচারী। অপারেশনের সময় ছাগলের বাচ্চা মারা যায়। এসব ঘটনায় ফেসবুকে ভিডিও ও একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ হয়। কিন্তু হয়নি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরই জেরে কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন বলেও অনেকে ধারনা করছেন।
জানা গেছে, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী তীব্র জালানি সংকটের মধ্যে শহর থেকে সরকারি গাড়ি নিয়ে যাতায়াত করছেন নিয়মিত। তিনি আজকেও শহর থেকে গাড়ি এনে সভায় যোগদান করে পুনরায় গাড়ি নিয়ে শহরে যান। বিগত আ”লীগ সরকারের সময় থেকে সমতল ভূমিতে বসবাস রত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবারের আর্থ সামাজিক জীবনমান উন্নয়নে প্রকল্প টি গ্রহন করা হয়। ওই সময় থেকেই প্রকল্প টি চালু আছে। অন্তর্বর্তী সরকারের সময় রুগ্ন বাছুর বিতরণ করা হয়। এসব নিয়েও একাধিক প্রতিবেদন প্রকাশ পায়। তারপরও কর্মকর্তা বহাল তবিয়তে নিজ খেয়াল খুশী মত অফিসের কতিপয় গ্রাম্য চিকিৎসকদের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে তালিকা তৈরি করে থাকেন। আবার অফিসের কিছু লোক এসব ছাগল পেয়ে থাকেন বলেও সুত্র নিশ্চিত করেন।
উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালের দিকে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তির মাঝে ২টি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এমপি অধ্যাপক মুজিবুর রহমানের। তবে তিনি না আসায় তার প্রতিনিধি হিসেবে জামায়াতে ইসলামের রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, নায়েবে আমীর আনিসুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়া নেতা আব্দুর রহিম, সেক্রেটারি ডি এম আক্কাস আলী।
এসময় অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।


