ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সদরের ত্রিমোহনী বাজারে মাদকের চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদিখানা দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, থানার পাশে কৃষ্ণপুর গ্রামের আনছার আলির ছোট ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসে ছিলেন। এই সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে এবং সে নেশা করার জন্য চাঁদার টাকা দাবি করে। জ্বলেয় টাকা দিতে অস্বীকৃতি জানালে মাইনুল তাকে একপর্যায়ে তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা হত্যাকারীকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। থানা পুলিশের নিকটে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর ইসলাম বলেন, আসামীকে আটক করে থানায় আনা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ হতে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।



