ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: দ্রুততম সময়ের মধ্যে রাজশাহীর বাগমারায় সংঘটিত একটি চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন করেছে বাগমারা থানা পুলিশ। পেশাদারিত্ব, তাৎক্ষণিক উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর তৎপরতার মাধ্যমে অপহৃত ৭ মাস বয়সী শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৬টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা ৭ মাস বয়সী শিশু জুবাইদা আক্তারকে পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যায় মোছাঃ শিউলী বেগম (৩৫)। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শিশুটির পরিবার চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে সময় অতিবাহিত করতে থাকে।
এ ঘটনায় শিশুটির পিতা জাহিদ হাসান বাগমারা থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পরপরই বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)-জিল্লুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক টিম গঠন করা হয়। ওই টিমে এসআই শিহাব, এসআই জাহেদসহ অভিজ্ঞ ও চৌকস পুলিশ সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।
তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়। মোবাইল ফোন ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ডিজিটাল নজরদারি এবং গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীসহ ঢাকা জেলার আদাবর, সাভার ও আশুলিয়া থানা এলাকায় ধারাবাহিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের নিরলস প্রচেষ্টা, তীক্ষ্ণ গোয়েন্দা দক্ষতা এবং সময়োপযোগী পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই মামলার রহস্য উদ্ঘাটন সম্ভব হয়। অভিযানের এক পর্যায়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঢাকা মহানগরের আদাবর থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকা থেকে অপহৃত শিশু জুবাইদা আক্তার (৭ মাস) কে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে ঘটনায় জড়িত মূল আসামি মোছাঃ শিউলী বেগমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে, যা মামলার তদন্তে নতুন দিক উন্মোচন করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই সফল অভিযান পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।



