ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। তামিলনাড়ুতে এখন পর্যন্ত গণনা করা ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিজয়ের দল টিভিকে এগিয়ে রয়েছে ১০৪ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে। আর ৭৭ আসনে এগিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে জোট।
নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে।
গণনা কেন্দ্রের নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে। তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। শুধু কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র থাকলে তবেই গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। পর্যবেক্ষক এবং রিটার্নিং কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে সেখানে ঢুকতে পারবেন না।
তথ্যসূত্র: এনডিটিভি



