ধূমকেতু প্রতিবেদক,তানোর : “মানুষ, পৃথিবী সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ মুল ফটকে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন।
সহকারী শিক্ষা অফিসার আফজাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমবায় অফিসার সহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, মুথরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আংগুরা খাতুন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা সুলতানা, আকচা স্কুলের সহকারী শিক্ষক মাহফুজা খাতুন, শাপলা কোয়ালিটি স্কুলের শিক্ষক হাসিনা আকতার, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রাকিবুল হাসান, অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর জাফর ইকবাল প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। শুধু অক্ষরজ্ঞান নয় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষিত জাতি তৈরি করতে হবে। শিক্ষিত জাতি তৈরি হলে শিক্ষিত সমাজ তৈরি হবে। থাকবে না নিরক্ষরতা। তাহলেই দেশ ও জাতি সুফল পাবে। কোনভাবে শিশুদের ঝরে পড়তে দেয়া হবেনা।



