ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন ইউএনও এবং পুঠিয়া থানা ওসি। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে পুলিশ সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আনসার সদস্যদের পাশাপাশি পুলিশের টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে।
পরিদর্শনকালে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
উপজেলা পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের তথ্য অনুযায়ী, পুঠিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুঠিয়া পৌরসভায় ১৬টি, জিউপাড়া ইউনিয়নে ১২টি, বানেশ্বরে চারটি, ভাল্লুকগাছিতে চারটি, পুঠিয়া সদর ইউনিয়নে একটি এবং শিলমাড়িয়া ইউনিয়নে ১৯টি মণ্ডপ রয়েছে।
একাধিক পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পূজার আগে উপজেলা প্রশাসনের সঙ্গে সভায় অংশ নিয়ে তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করেই পূজার আয়োজন করা হয়েছে এবং চলছে। প্রশাসন ও পুলিশের তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তাঁরা জানান। পরিদর্শন শেষে মণ্ডপগুলোর সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্ট, পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির কোষাধাক্ষ হাবিবুর রহমান উজ্জ্বল, যুবনেতা রোকনুজ্জামান রিকো মণ্ডল এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


