ধূমকেতু প্রতিবেদক,সাপাহার : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশিক্ষিত যুব ও যুব ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।



