ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ও জিপিএ-৫ আশংকাজনকভাবে কমেছে।শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষন করে এ তথ্য পাওয়া গেছে। উপজেলার ৯টি কলেজের মধ্যে ৪ টি কলেজে কেউ জিপিএ-৫ পায়নি।
এছাড়া, কলেজগুলোতে পাশের হারও অনেক কম।উপজেলার একমাত্র সরকারি কলেজ রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৪৬৬ জন।তারমধ্যে পাশ করেছে ২৪০ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাশের হার ৫১.৫০%, রহনপুর পৌর এলাকার ২টি কলেজের মধ্যে রহনপুর মহিলা কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ২০৩ জন, পাশ করেছে ৬৭ জন।
পাশের হার ৩৩%,অপর কলেজ রহনপুর পিএম আইডিয়াল কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ২০৭ জন, পাশ করেছে ৪৩ জন, পাশের হার ২০%,একজন মাত্র জিপিএ -৫ পেয়েছে। মফস্বল এলাকায় অবস্থিত চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজ তুলনামূলক ভাবে ফলাফল কিছুটা ভালো করেছে।ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ২০৩ জন।এরমধ্যে পাশ করেছে ৭৪ জন।জিপিএ -৫ পেয়েছে ২ জন। পাশের হার ৩৬.৪৫%।এরপর রয়েছে আলিনগর স্কুল ও কলেজ। এ কলেজের পরীক্ষার্থী ছিল ১৪৭ জন।পাশ করেছে ৪৪ জন।জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার প্রায় ৩০%।বাঙ্গাবাড়ী ইউএস স্কুল ও কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৮ জন। পাশ করেছে ২৮ জন।পাশের হার শতকরা ২৮.৫৭ ভাগ।গোমস্তাপুর এসএম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১১২ জন। কৃতকার্য হয়েছে ২৮ জন।পাশের শতকরা ২৫ ভাগ।উপজেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে অন্য দুটি কলেজ। সেগুলো হলো-রাধানগর বরেন্দ্র কলেজ। তাদের পরীক্ষার্থী ছিল ৯১ জন। পাশ করেছে মাত্র ৬ জন। পাশের হার মাত্র শতকরা ৬.৫৯ ভাগ।অপরটি পার্বতীপুর এসবি কলেজ। এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫২ জন। পাশ করেছে ৮ জন। পাশের হার শতকরা ১৫.৩৮ ভাগ।
এছাড়া, উপজেলার ৩ টি টিবিএম কলেজের মধ্যে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গোমস্তাপুর টিবিএম কলেজ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে।



