ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে দ্বন্দ্ব থামাতে গিয়ে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া গ্রামে। এঘটনায় গ্রামপুলিশ রিপন হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে কালীগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের দায়িত্বে থাকা গ্রামপুলিশ রিপন হোসেন (২৬) জানান,তার আপন চাচাতো ভাই রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (৪০) সৌদি আরবে থাকা অবস্থায় গত ৩/৪মাস আগে স্ত্রীকে তালাক প্রদান করে। কিন্তু রনি ইসলাম সৌদি আরবে যাবার সময় তার স্ত্রী বিভিন্ন লোকজনের নিকট থেকে ধারের কয়েক লাখ টাকা ফেরৎ না পাওয়ায় বাড়ী ছেরে যাননি। এরই মধ্যে সোমবার রাতে রনি ইসলাম সৌদি আরব থেকে বাড়ীতে পৌছে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ী থেকে বের হয়ে যেতে বলেন। এরই জ্বের ধরে মঙ্গলবার সকালে রনি ইসলাম তার স্ত্রীকে বাড়ী থেকে বের করে দিতে গেলে আবারো দ্বন্দ্ব শুরু হয়। এসময় গ্রামপুলিশ রিপনের মা দ্বন্দ্ব থামাতে এগিয়ে গেলে তাকে মারধর করে। এরপর রিপনের বাবা এগিয়ে গেলে তাকেও মারধর করে। পরে রিপন হোসেন মোবাইল ফোনে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত ছুটে গেলে তাকেও মারধর করে। এতে রিপন,তার মা এবং বাবা আহত হয় বলে দাবি করেন রিপন হোসেন। এঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে রনি ইসলাম দাবি করে বলেন,নানান অসংগতির কারনে সৌদি আরেব থাকা অবস্থায় গত ৪মাস আগে স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু রিপন এবং রিপনের বাবা মায়ের কারনে তালাকের পরেও তার স্ত্রী বাড়ী ছেরে যাননি। সোমবার রাতে সৌদি আরব থেকে বাড়ীতে এসে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলি। সকালে আবারো বাড়ী থেকে বের হয়ে যেতে বললে গ্রামপুলিশ রিপন এবং তার বাবা মা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে রনি ইসলাম,রনির মা এবং ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরো বলেন,তার মাথায় কয়েকটি এবং তার মায়ের মাথায় ২১টি সেলাই রয়েছে। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান রনি ইসলাম।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,রাতোয়াল গ্রামে মারপিটের ঘটনায় গ্রামপুলিশ রিপন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



