ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : আওয়ামী লীগ মনোনীত টানা দুই বারের নির্বাচিত লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু জেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক মনোনিত হয়েছেন।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রিয়াজুল ইসলাম রিন্টুকে জেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবন্দ। অনুষ্ঠানে মেয়র রিন্টু আসন্ন পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীক মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আগামী নির্বাচনের সমর্থন করেন।
উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর পরিবর্তে মেয়র প্রাথী পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেনকে নৌকা প্রতীক দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে স্বতন্দ্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন ও যুবলীগ নেতা রেজাউল করিম স্বপন। তবে সোমবার ওই অনুষ্ঠানে মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও কাজী নজরুল ইসলাম তপন মনোনয়ন প্রত্যাহার করে নেন।


